রিপোর্টার : mojahidul islam বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিক ভর্তির কার্যক্রম চলমান থাকা অবস্থায়, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হোটেল সুইট প্যালেসে একটি প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। নৌবাহিনী কন্টিনজেন্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ মে রাতে অভিযান চালায় এবং এসব প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।
প্রতারকরা চাকরির প্রলোভন দিয়ে ৩৮ জন প্রার্থীর কাছ থেকে ৮ থেকে ১৫ লাখ টাকা আদায় করেছিল। তারা প্রার্থীদের কাছ থেকে ব্ল্যাংক ব্যাংক চেক, ব্ল্যাংক স্ট্যাম্প, এবং ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে নিত। প্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য হোটেলে ভুয়া স্বাস্থ্য পরীক্ষা এবং সামরিক বাহিনীর ভর্তিকালীন পরীক্ষার আদলে পরীক্ষা পরিচালনা করা হয়। এছাড়া, ভুয়া প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহের মাধ্যমে নিজেদেরকে নৌবাহিনীর রিক্রুটিং দলের সদস্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়।
এই প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী স্পষ্টভাবে জানায়, নাবিক পদে ভর্তি একটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া, যেখানে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং কোনো প্রতারক চক্রের সাথে কোনো সম্পর্ক নেই। নৌবাহিনী এরকম প্রতারণা রোধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে, এবং ভর্তি প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।