প্রকাশিত : বুধবার , ২০ আগস্ট ২০২৫ , দুপুর ০১:১৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ১৪ মে ২০২৬ , দুপুর ০১:৪১
রিপোর্টার : খুলনা ডেস্ক

খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


রিপোর্টার : the investor

খুলনার বয়রা এলাকা থেকে তিসা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। তিনি ওই কলেজের বিপরীতে একটি ভাড়া ফ্ল্যাটে আরও দুই ছাত্রীসহ বসবাস করতেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার দুই দিন আগে তিসা বাড়ি গিয়েছিলেন এবং সম্প্রতি খুলনায় ফিরে আসেন। ঘটনার সময় তার রুমমেটরা ফ্ল্যাটে অনুপস্থিত ছিলেন, ফলে তিনি একাই ছিলেন বাসায়।

রাতের কোনো এক সময় ফ্ল্যাটের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে ভবনের মালিককে জানান। এরপর মালিক তিসার বাবাকে খবর দেন এবং পরিবারের সদস্যরা খুলনায় এসে পুলিশকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। তার ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল, “বাবা-মা, আমাকে ক্ষমা করে দিও।”

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।