রিপোর্টার : mojahidul islam গণ অধিকার পরিষদ বলেছে, দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলা’ হয়েছে। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি হবে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, বিক্ষোভ ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।
এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।
নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।