রিপোর্টার : mojahidul islam দীর্ঘ ১৭ বছর পর
কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা
উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন।
তিনি বলেন, সোমবার তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই বাছাই
ও আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ১১টা ৪ মিনিটের তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার
পরিবারের সদস্যরা কারা ফটকে উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া
সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর
রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে
যাওয়ার কথা রয়েছে তার।
আলোচিত ২১ আগস্ট
গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও
বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স
নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়।
আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১
সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি
নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে
তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। এর পর থেকেই তিনি কারাগারে
ছিলেন।