• ঢাকা
  • বুধবার , ১৩ মে ২০২৬ , বিকাল ০৫:৪৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপা: এবার বাসমালিক ডাবলু গ্রেপ্তার

ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপা: এবার বাসমালিক ডাবলু গ্রেপ্তার

প্রিন্ট ভিউ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপারী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তিন গাড়ির ছয়জন নিহত হওয়ার ঘটনায় বাসের মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাবলু ব্যাপারী কাঁঠালবাড়ি এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে।

এর আগে, এ ঘটনায় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসটির চালক নূরুদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি জানান, এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় হতাহতের ঘটনায় বাসের মালিক, চালক ও তার সহকারীকে আসামি করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী ওই দুর্ঘটনায় নিহত আমেনা আক্তারের বড় ভাই মো. নুরুল আমিন।

এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট ছয়জনের প্রাণহানি হয়। আহত হয়েছেন আরও চারজন।

নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।

সারাদেশ

আরও পড়ুন