• ঢাকা
  • মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ , রাত ১১:৩১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য
রিপোর্টার : অনলাইন ডেস্ক
ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহী এআইটি

ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহী এআইটি

প্রিন্ট ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।


আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি এ আগ্রহের কথা জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এআইটির শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।


তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এআইটির সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।


এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে তোলা যেতে পারে। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে শিক্ষা কার্যক্রম, গ্রীষ্মকালীন কর্মসূচি এবং পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন করা সম্ভব।


এআইটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

জাতীয়

অন্যান্য

আরও পড়ুন