পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৮ আগস্ট) রাতের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে ১৮.৮০° উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল নাগাদ ভারতের দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে নিম্নচাপটির অবস্থান ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা হাওয়ার আকারে ৫০ কিমি পর্যন্ত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে।
এ অবস্থায় সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখার পাশাপাশি, উত্তাল সাগরের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।