ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে তাদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেলটি প্রকাশ করে সংগঠনটি।
ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়ন পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
জিএস (সাধারণ সম্পাদক) হিসেবে মনোনয়ন পেয়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম।
এছাড়া এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন দেওয়া হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে।
উল্লেখযোগ্য যে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত ছাত্রদল কোনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি। সে দিন সংগঠনের নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অবশেষে পরদিন সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে তারা।