খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংক ভবনে ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা লুটের ঘটনায় মূল অভিযুক্ত ইউনূস শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) ভোরে ব্যাংক ভবনের চতুর্থ তলা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইউনূস রূপসার নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে।
পুলিশ জানায়, ইউনূস ওই ব্যাংক ভবনের চারতলায় ভাড়া থাকতেন এবং ভবনের নিচতলায় তার একটি যন্ত্রপাতির ওয়ার্কশপ রয়েছে। পেশায় লেদ মিস্ত্রি হওয়ায় তার ধাতব বস্তু কাটার দক্ষতা ছিল, যা ব্যবহার করে ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে টাকা নিয়ে পালিয়ে যান তিনি। ঘটনার সময় ব্যাংকে কোনো নিরাপত্তা প্রহরী উপস্থিত ছিল না।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ইউনূসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন। তবে এখন পর্যন্ত পুরো লুটের টাকা উদ্ধার সম্ভব হয়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ইউনূসকে সোমবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে উঠে এসেছে, তিনি প্রচণ্ড ঋণচাপের মধ্যে ছিলেন এবং চুরি করা টাকার কিছু অংশ দিয়ে ঋণ পরিশোধ করেছেন বলেও স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, তার স্বীকারোক্তির ভিত্তিতে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে চুরি করা পুরো টাকা কোথায় রয়েছে, তা জানতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকায় প্রয়োজন অনুযায়ী পরিবারের জিম্মায় দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ১৫ আগস্ট (শুক্রবার) রাতে ব্যাংকের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান নিরাপত্তা প্রহরী আবুল কাশেম। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে, পুলিশের উপস্থিতিতে ব্যাংকের ক্যাশ মিলিয়ে দেখা যায় ১৬ লাখ ১৬ হাজার টাকা অনুপস্থিত। পরদিন ব্যাংকের ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং ১৭)।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বিভাগের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ।
বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।