ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও একজন, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শ্রীনগর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ষোলঘর যাত্রী ছাউনির কাছে পৌঁছালে হঠাৎ করে গাড়ির চাকা পাংচার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং প্রাইভেটকারটি সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সেখানে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ ও হাসারা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার অভিযানের ফলে পরিস্থিতি কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়।
তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি ইতোমধ্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।